ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ জুলাই গণহত্যার সাথে জড়িতদের দেশে ফিরিয়ে দেওয়ার দাবিতে আজ ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা করবে ‘জুলাই ঐক্য’। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ৩টায় এই ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কর্মসূচির ডাক দেয় ছাত্র-জনতার অভ্যুত্থানে গঠিত এই সংগঠনটি। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, কেবল খুনিদের প্রত্যর্পণ নয়, বরং ভারতীয় গণমাধ্যম ও কর্মকর্তাদের অব্যাহত বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র এবং রাজনৈতিক হস্তক্ষেপের প্রতিবাদেই এই বিক্ষোভের আয়োজন।
জুলাই ঐক্যের সংগঠক ও ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের জানান, বাংলাদেশের স্বাধীনতার জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে ভারতীয় আগ্রাসন। ভারতে পালিয়ে থাকা খুনিদের ফিরিয়ে আনা এবং দেশটির মদদপুষ্ট প্রচারযন্ত্রের অপতৎপরতা রুখে দিতেই জনসাধারণকে নিয়ে এই মার্চ কর্মসূচি পালন করা হবে।
সংগঠনটির অভিযোগ, ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল ও বিভিন্ন গণমাধ্যম বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির লক্ষে অপপ্রচার চালাচ্ছে। এই ধরনের কার্যক্রম যেন দেশের মাটিতে আর চলতে না পারে, সে বিষয়ে হাইকমিশনে স্মারকলিপি প্রদান ও কঠোর প্রতিবাদ জানানো হবে এই কর্মসূচির মাধ্যমে।
বিজয় দিবসের সন্ধ্যায় ঘোষিত এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জুলাই ঐক্য সাধারণ মানুষকে এই প্রতিবাদী মিছিলে যোগ দিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষার আহ্বান জানিয়েছে।

মন্তব্য করুন