জুলাই গণঅভ্যুত্থানের পরিচিত মুখ এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরটি ভিত্তিহীন বলে নিশ্চিত করেছে সংগঠনটি। বুধবার (১৭ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে হাদির মৃত্যু নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়লে এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে বিষয়টি স্পষ্ট করা হয়।

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা বর্তমানে অত্যন্ত সংকটাপন্ন। তবে তার মৃত্যুর যে সংবাদ প্রচার করা হচ্ছে, তার কোনো সত্যতা নেই। তাকে নিয়ে এ ধরনের সংবেদনশীল তথ্য যাচাই না করে প্রচার না করার অনুরোধ জানিয়েছে সংগঠনটি।

বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এই ছাত্রনেতার শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ কাটছে না। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে তার ‘মৃত্যু’ হয়েছে দাবি করে পোস্ট দেওয়া শুরু হলে জনমনে বিভ্রান্তি তৈরি হয়।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, হাদির পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে বিশেষ দোয়ার আবেদন করা হয়েছে। আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন, এটাই এখন সবার একমাত্র প্রার্থনা।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে দুর্বৃত্তদের গুলিতে মাথায় গুরুতর আঘাত পান ওসমান হাদি। উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে লাইফ সাপোর্টে রয়েছেন।

Facebook Comments Box