রাজধানীর নিরাপত্তা ও খোদ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের ব্যক্তিগত সুরক্ষা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছেন পরিকল্পনা কমিশনের এক গাড়িচালক। সরকারের যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তা মাকসুদা হোসেনকে তার নিজের সরকারি গাড়িতেই প্রায় চার ঘণ্টা জিম্মি করে ৬ লাখ টাকা দাবি করার অভিযোগ উঠেছে চালক আউয়ালের বিরুদ্ধে।
বুধবার (১৭ ডিসেম্বর) সকালে ধানমন্ডির বাসভবন থেকে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হওয়ার পর এই ভয়াবহ অভিজ্ঞতার শিকার হন কর্মকর্তা। চালক আউয়াল তাকে গন্তব্যে না নিয়ে উত্তরা দিয়াবাড়ি, টঙ্গী, ভাষানটেক ও সাভারের হেমায়েতপুর এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাতে থাকেন। একপর্যায়ে গাড়ির দরজা লক করে দিয়ে তিনি ৬ লাখ টাকা দাবি করেন।
ভয়াবহ এই পরিস্থিতিতে মাকসুদা হোসেন সকাল ৯টা ৪০ মিনিটের দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করার চেষ্টা করলে চালক জোরপূর্বক তার মোবাইল ফোনটি কেড়ে নেন। টানা চার ঘণ্টা মানসিক ও শারীরিক চাপের মুখে রাখার পর, প্রাথমিকভাবে ৫০ হাজার টাকা এবং পরবর্তীতে বাকি টাকা দেওয়ার প্রতিশ্রুতিতে মুক্তি পান ওই কর্মকর্তা।
পুলিশ ও মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত চালক আউয়ালকে ইতোমধ্যে শেরেবাংলা নগর থানা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই চালকের বিরুদ্ধে আগেও মাদক ও রাজনৈতিক সংশ্লিষ্টতায় একাধিক মামলা ছিল, যা নিয়োগের সময় গোপন করা হয়েছিল।
পরিকল্পনা সচিব শাকিল আখতার এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, অভিযুক্ত চালক একজন মাদকাসক্ত বলে তথ্য পাওয়া গেছে। সরকারি কর্মকর্তার নিরাপত্তা বিঘ্নিত করার এই ঘটনায় কোনো ছাড় দেওয়া হবে না এবং কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। ভুক্তভোগী যুগ্ম সচিব বর্তমানে মানসিকভাবে বিপর্যস্ত রয়েছেন।

মন্তব্য করুন