দীর্ঘ ১৭ বছরের নির্বাসন ঘুচিয়ে অবশেষে দেশের মাটিতে পা রাখছেন তারেক রহমান। আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টার পর রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি।
লন্ডন থেকে সরাসরি ঢাকা নয়, বরং পুণ্যভূমি সিলেট হয়ে দেশে ফিরছেন বিএনপির এই শীর্ষ নেতা। তার সঙ্গে ফিরছেন কন্যা জাইমা রহমানও। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে এই ঐতিহাসিক মুহূর্তের দিনক্ষণ নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার।
তারেক রহমানের ফেরার খবরে দলীয় নেতাকর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ। তাকে রাজকীয় সংবর্ধনা দিতে রাজধানীজুড়ে নেওয়া হচ্ছে বিশাল তোড়জোড়। দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে চলায় রাজপথে এখন টানটান উত্তেজনা।
এর আগে গত শুক্রবার (১২ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আগমনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন। তিনি জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ফেরার বিষয়ে লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথেও আলোচনা হয়েছে।
উল্লেখ্য, ২০০৮ সালে চিকিৎসার জন্য সপরিবারে লন্ডন পাড়ি দিয়েছিলেন তারেক রহমান। দীর্ঘ সময় প্রবাসে থেকে দলকে নেতৃত্ব দেওয়ার পর এবার সরাসরি দেশের মাটিতে হাল ধরছেন তিনি। সবার মনেই এখন প্রশ্ন—কেমন হবে তার আগামীর রাজনীতি?
বর্তমানে তার স্ত্রী ডা. জোবাইদা রহমান শাশুড়ি বেগম খালেদা জিয়ার চিকিৎসার তদারকি করতে দেশেই আছেন। তারেক ও জাইমা রহমানের আগমনে বিএনপির হাইকমান্ডের পারিবারিক পুনর্মিলনও পূর্ণতা পেতে যাচ্ছে। এখন শুধু ক্ষণ গণনার পালা।

মন্তব্য করুন