দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নিয়োগ চূড়ান্ত করেছেন রাষ্ট্রপতি। সোমবার (২২ ডিসেম্বর) বঙ্গভবনে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

আগামী ২৭ ডিসেম্বর বর্তমান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ অবসরে যাচ্ছেন। এরপর ২৮ ডিসেম্বর বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ১৯৬১ সালের ১৮ মে জন্মগ্রহণ করেন। তার বাবা প্রয়াত এএফএম আবদুর রহমান চৌধুরীও সুপ্রিম কোর্টের একজন খ্যাতিমান বিচারক ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর আইনি ডিগ্রি নেওয়ার পর তিনি যুক্তরাজ্য থেকে আন্তর্জাতিক আইনে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ১৯৮৭ সালে তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন।

দীর্ঘ বিচারিক ক্যারিয়ারে তিনি ২০০৩ সালে হাইকোর্টের অতিরিক্ত বিচারক এবং দুই বছর পর স্থায়ী বিচারক নিযুক্ত হন। সর্বশেষ ২০২৪ সালের আগস্টে তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নিয়েছিলেন।

Facebook Comments Box