ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ফেনী-২ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগ নেতা হাজী ওবায়দুল হক। বুধবার (২৪ ডিসেম্বর) বিষয়টি জানাজানি হয়।
বর্তমানে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় তিনি ‘আমজনতার দল’ নামক একটি সংগঠনের সদস্য হিসেবে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন। মঙ্গলবার বিকেলে ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তিনি এটি সংগ্রহ করেন।
ওবায়দুল হক ফেনী জেলা আওয়ামী লীগের সদস্য এবং সংগঠনটির সাবেক অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দল পরিবর্তন প্রসঙ্গে তিনি জানান, আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় দলটির হয়ে নির্বাচনে অংশ নেওয়ার কোনো আইনি সুযোগ নেই।
তিনি আরও উল্লেখ করেন যে, নির্বাচনী প্রতিযোগিতায় টিকে থাকতে তিনি বর্তমানে আমজনতার দলের সদস্য হিসেবে নিজেকে পরিচয় দিচ্ছেন এবং ওই দলের প্রতীক নিয়েই নির্বাচনে লড়াই করতে চান।
আমজনতার দলের জেলা আহ্বায়ক আশিষ দত্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ফেনী-২ আসনে ওবায়দুল হককে তাদের দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। এর মাধ্যমে ফেনীর তিনটি আসনের মধ্যে দুটিতে প্রার্থী চূড়ান্ত করল দলটি।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ফেনীর তিনটি সংসদীয় আসনে এ পর্যন্ত ৩০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ফেনী-২ আসনেই মনোনয়নপত্র নিয়েছেন ১১ জন প্রার্থী।

মন্তব্য করুন