জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক শহিদ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেন সংগঠনটির নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

অবরোধের ফলে শাহবাগ ও এর আশপাশের এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের ঘোষণা দিয়েছেন, সরকারের উপদেষ্টারা শাহবাগে এসে জনগণের সামনে দাঁড়িয়ে জবাবদিহি না করা পর্যন্ত তারা অবস্থান ত্যাগ করবেন না। প্রয়োজনে জীবনের বিনিময়ে এই রাজপথ ধরে রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।

বিক্ষোভ সমাবেশে আক্ষেপ প্রকাশ করে জাবের বলেন, শহিদদের রক্তে ভেজা এই জমিনে এখন বিভিন্ন পক্ষ থেকে তাদের নানা ধরনের নিষেধ করা হচ্ছে। উপদেষ্টাদের প্রতি ইঙ্গিত করে তিনি জানান, সাধারণ মানুষ এবং নারীদের স্বাধীন চলাফেরার নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রকৃত স্বাধীনতা আসবে না। যতক্ষণ পর্যন্ত দায়িত্বশীলরা সরাসরি মাঠে এসে তাদের অবস্থান পরিষ্কার না করবেন, ততক্ষণ পর্যন্ত শাহবাগ চত্বরে এই অবস্থান কর্মসূচি চলবে।

Facebook Comments Box