দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা নিরসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে তার দল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। রোববার (২৮ ডিসেম্বর) রাতে রংপুরের সেনপাড়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই অভিমত ব্যক্ত করেন।

জি এম কাদের বলেন, তারেক রহমানকে একসময় রাজনৈতিকভাবে বাদ দেওয়ার যে চেষ্টা করা হয়েছিল, জাতীয় পার্টি কখনোই তা সমর্থন করেনি। তারেক রহমানের প্রথম ভাষণে রাজনৈতিক সহাবস্থানের যে আহ্বান ছিল, তাকে স্বাগত জানিয়ে জাপা চেয়ারম্যান বলেন, দেশে এখন হিংসা-বিদ্বেষ ভুলে সবার ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।

নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি অভিযোগ করেন, আসন্ন নির্বাচনে সব দলের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা হয়নি। জাতীয় পার্টির প্রার্থীদের ওপর জুলুম ও মিথ্যা মামলার অভিযোগ তুলে তিনি বলেন, নির্বাচন কমিশন জাপার সঙ্গে বিমাতাসুলভ আচরণ করছে। এমনকি নির্বাচনি মনোনয়ন ফরমে জটিল শর্ত যুক্ত করে কিছু প্রার্থীর প্রার্থিতা বাতিলের চেষ্টা চলছে বলেও তিনি দাবি করেন।

আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগ নাকচ করে জি এম কাদের বলেন, সরকার ও নির্বাচন কমিশন সম্ভবত ‘আওয়ামী ফোবিয়া’ বা আতঙ্কে ভুগছে। প্রতিকূলতা সত্ত্বেও অন্যায় তুলে ধরতে জাপা শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে থাকার চেষ্টা করবে বলে তিনি জানান। তবে পরিস্থিতির ওপর নির্ভর করে ভবিষ্যতে কোনো রাজনৈতিক সমঝোতা বা জোটের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও তিনি ইঙ্গিত দেন।

Facebook Comments Box