সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ইচ্ছুক জনসাধারণের জন্য বিশেষ নিরাপত্তা নির্দেশনা জারি করেছে প্রধান উপদেষ্টার দপ্তর। নির্দেশনায় বলা হয়েছে, বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠেয় জানাজায় কোনো ধরনের ব্যাগ বা ভারী সামগ্রী সঙ্গে আনা যাবে না।
নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্দেশনায় আরও স্পষ্ট করা হয়েছে যে, জানাজা পরবর্তী দাফনের কার্যক্রম সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে। এই সময়ে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরস্থানে সাধারণ জনগণের প্রবেশাধিকার থাকবে না। কেবল রাষ্ট্রীয় প্রটোকলভুক্ত ব্যক্তি ও নির্দিষ্ট স্বজনরাই সেখানে উপস্থিত থাকতে পারবেন।
উল্লেখ্য, টানা ৪০ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার ভোরে এভারকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই বর্ষীয়ান নেত্রী। তার মৃত্যুতে সরকার ইতিমধ্যে তিন দিনের রাষ্ট্রীয় শোক ও জানাজার দিন (বুধবার) সাধারণ ছুটি ঘোষণা করেছে। আগামীকাল বেলা সাড়ে ৩টার দিকে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাহিত করার কথা রয়েছে।

মন্তব্য করুন