দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেওয়ায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে রুমিন ফারহানাকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনটি বিএনপি তাদের জোটসঙ্গী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে ছেড়ে দিয়েছে। এই আসনে জোটের প্রার্থী হিসেবে মাওলানা জুনায়েদ আল হাবিবকে মনোনয়ন দেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে এবং দলীয় মনোনয়ন না পেয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ার ঘোষণা দেন। গত সোমবার (২৯ ডিসেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
বহিষ্কারের আগে রুমিন ফারহানা সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, তিনি এলাকার মানুষের দাবির মুখে নির্বাচনে লড়ছেন। দল যদি তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়, তবে তা মেনে নেওয়ার মানসিক প্রস্তুতিও তার রয়েছে। উল্লেখ্য, সংরক্ষিত নারী আসনের সাবেক এই সংসদ সদস্য দীর্ঘদিন ধরেই সরাইল-আশুগঞ্জ এলাকায় নির্বাচনী তৎপরতা চালিয়ে আসছিলেন।

মন্তব্য করুন