সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ৩টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এবং পার্শ্ববর্তী মানিক মিয়া অ্যাভিনিউতে এই জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।
জানাজায় অংশ নিতে মঙ্গলবার রাত থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ সংসদ ভবন এলাকায় জড়ো হতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিদেশি কূটনীতিকরা এই জানাজায় শামিল হন।
নামাজে জানাজা শেষে খালেদা জিয়ার মরদেহ বহনকারী কফিনটি শেরেবাংলা নগরে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে তার স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে। ইতোমধ্যে কবরস্থানের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৭ বছর বয়সে মারা যান বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে আজ সারা দেশে সাধারণ ছুটি এবং তিন দিনের রাষ্ট্রীয় শোক চলছে।

মন্তব্য করুন