অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানকে পুনরায় একই পদে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তাকে ফের এই গুরুদায়িত্ব দেওয়া হলো।

এর আগে গত ৩০ ডিসেম্বর তার পদত্যাগপত্র গৃহীত হওয়ার পর জনমনে প্রশ্ন উঠেছিল— কেন তিনি পদত্যাগ করলেন এবং আবার কেন ফিরলেন। বিষয়টি স্পষ্ট করে অধ্যাপক সায়েদুর রহমান জানিয়েছেন, এটি মূলত তার সরকারি চাকরির নিয়মিত অবসর প্রক্রিয়ার একটি অংশ ছিল। চাকরির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় টেকনিক্যাল কারণে তাকে পদত্যাগ করতে হয়েছিল।

বিবিসি বাংলাকে তিনি বলেন, ‘রিটায়ারমেন্ট প্রসেসের অংশ হিসেবে পদত্যাগপত্র দিতে হয়েছিল। এখন আবার একই পদে নিযুক্ত হয়ে আগের মতোই দায়িত্ব পালন করব।’ এর আগে বুধবার ফেসবুকে এক পোস্টে তিনি জানিয়েছিলেন যে, অবসর গ্রহণের নিমিত্তে তিনি অব্যাহতি চেয়েছিলেন।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে স্বাস্থ্য, স্বরাষ্ট্র ও শিক্ষা মন্ত্রণালয়ে উপদেষ্টাদের সহযোগিতার জন্য তিনজনকে বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয়েছিল। তাদের মধ্যে ডা. সায়েদুর রহমান ফিরলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকারী সাবেক আইজিপি খোদা বকশ চৌধুরী এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধ্যাপক এম আমিনুল ইসলাম আগেই পদত্যাগ করেছেন। ডা. সায়েদুর রহমান পুনরায় নিয়োগ পাওয়ায় এখন থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে প্রতিমন্ত্রীর ন্যায় বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।

Facebook Comments Box