আওয়ামী লীগ নিজেদের ভুল স্বীকার না করলে জনগণ তাদের কোনোদিন ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার (২ জানুয়ারি) সকালে মাগুরার নিজনান্দুয়ালী নিতাই গৌর গোপাল সেবা আশ্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, দেশে একটি অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি চলছে। কিন্তু আওয়ামী লীগ নিজেদের কর্মতদণ্ড ও অপকর্মের মাধ্যমে রাজনীতিতে ‘ডিসকোয়ালিফাই’ হয়েছে। গত ১৭ মাসেও দলটি তাদের অতীতের ভুল স্বীকার করেনি। রাজনীতিতে টিকে থাকতে হলে দায়িত্বশীল আচরণ ও আত্মসমালোচনা জরুরি, যার ছিটেফোঁটা আওয়ামী লীগের মধ্যে দেখা যাচ্ছে না।

প্রেস সচিব আরও বলেন, যারা হাতে অস্ত্র নিয়ে সাধারণ মানুষ ও ছাত্রদের ওপর হামলা করেছে, তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। বিগত সরকারের আমলে আওয়ামী লীগ দেশের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফ্যাসিবাদ কায়েম করেছে। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালসহ সংশ্লিষ্ট সবাইকে বিচারের আওতায় আনা হবে এবং তাদের দণ্ড কার্যকর করতে দেশে ফিরিয়ে আনা হবে।

এ সময় প্রেস সচিবের সঙ্গে মাগুরা সদর থানার ওসি আশিকুর রহমান, সহকারী কমিশনার আমিনুল ইসলাম এবং নিতাই গৌর সেবাশ্রমের সাধারণ সম্পাদক তরুণ ভৌমিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box