বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ দেড় দশকের বিশ্বস্ত পরিচারিকা ফাতেমা বেগম এখন তারেক রহমানের কন্যা জাইমা রহমানের সঙ্গী হিসেবে নতুন দায়িত্ব পালন করছেন। খালেদা জিয়ার প্রয়াণের পর শোকাতুর ফাতেমা এখন পরিবারের নতুন প্রজন্মের ছায়াসঙ্গী হয়ে উঠেছেন।

ভোলার এক কৃষক পরিবারের সন্তান ফাতেমা ২০০৯ সালে খালেদা জিয়ার গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় কাজ শুরু করেন। সেই থেকে রাজপথের আন্দোলন, ২০১৮ সালের কারাজীবন, এমনকি লন্ডনের চিকিৎসা সফর—সবখানেই তিনি ছিলেন সাবেক প্রধানমন্ত্রীর অবিচ্ছেদ্য অংশ। কেবল কাজ নয়, শারীরিকভাবে অসুস্থ নেত্রীকে ওষুধ খাওয়ানো থেকে শুরু করে সব সময় আগলে রাখতেন তিনি। কারাবন্দী জীবনেও ফাতেমার প্রয়োজনীয়তা নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক আলোচিত হয়েছিল।

গত ৩০ ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়লেও ফাতেমা তার দায়িত্ব থেকে বিচ্যুত হননি। দাফন পর্যন্ত তিনি ছিলেন অগ্রভাগে। বর্তমানে ঢাকায় অবস্থানরত জাইমা রহমানের সঙ্গে তাকে সার্বক্ষণিক দেখা যাচ্ছে। পারিবারিক সূত্র বলছে, খালেদা জিয়ার অভাব ও স্মৃতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে ফাতেমার ওপরই ভরসা রাখছেন পরিবারের সদস্যরা। রাজনৈতিক কোনো পদ বা পরিচয় না থাকলেও ইতিহাসের এক নীরব সাক্ষী হিসেবে ফাতেমা এখন জাইমা রহমানের ছায়া হয়ে কাজ করছেন।

Facebook Comments Box