জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা হত্যায় উসকানি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজনভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়।
আজকের কার্যসূচিতে আসামিপক্ষের আবেদনের ওপর শুনানির দিন ধার্য রয়েছে। সালমান ও আনিসুল হকের আইনজীবীরা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আইনি যুক্তি পেশ করবেন। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই শুনানি পরিচালনা করবেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এর আগে গত ২২ ডিসেম্বর প্রসিকিউশন পক্ষ এই দুই হেভিওয়েট আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের স্বপক্ষে শুনানি শেষ করেছিল। ওই শুনানিতে সালমান ও আনিসুলের একটি বিতর্কিত অডিও রেকর্ড ট্রাইব্যুনালে বাজানো হয়। প্রসিকিউশনের দাবি, এই ফোনালাপের মাধ্যমেই আন্দোলন দমনে দেশজুড়ে মরণঘাতী হামলার নির্দেশনা ও উসকানি দেওয়া হয়েছিল।
আদালত প্রাঙ্গণে পুলিশের ব্যাপক উপস্থিতি ও নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে। অব্যাহতির আবেদন নাকচ হলে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার বা চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হবে।

মন্তব্য করুন