ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে সুনামগঞ্জ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার জেলা স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। খুনিদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সকাল ১১টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।
মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালীবাড়ি মোড়ে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনাজ্জির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, “আজিজুর রহমান মুসাব্বিরের মতো সাহসী রাজপথের নেতাকে গুলি করে হত্যা করা একটি বর্বরোচিত ও কাপুরুষোচিত ঘটনা। সন্ত্রাসীরা গুলি চালিয়ে বিরোধী মতের কণ্ঠরোধ করতে চাইছে। কিন্তু আন্দোলনের মাধ্যমেই এই হত্যার বিচার নিশ্চিত করা হবে।”
বক্তারা দ্রুত সময়ের মধ্যে হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
সভা পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক ছাদিকুর রহমান চৌধুরী। এতে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এডভোকেট আহাদ জুয়েল ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এডভোকেট দীপংকর বনিক সুজিত।
বিক্ষোভে অংশ নেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুহেল মিয়া, শাহজাহান মিয়া, আনোয়ার আলম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কাশেম দুলু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, সামছুর রহমানসহ বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতা-কর্মী। সংহতি জানান নুর জালাল মন্টি, এডভোকেট আতিকুর রহমান, আতাহার চৌধুরী শাহীন, মাসুম বিল্লাহ, আসাদুজ্জামান সাগর, শামীম আহমেদ, শাখাওয়াত হোসেন পলাশ, নাছির আলী, ইমরান হোসেন শ্যামল, ফয়সাল আহমেদ এবং শান্তিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরমান উদ্দিন।
সমাবেশ থেকে নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত দোষীদের গ্রেপ্তার না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন