ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকসহ সংকটে পড়া দেশের পাঁচটি বেসরকারি ব্যাংকের আর্থিক প্রতিবেদন যাচাইয়ে অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট অডিটরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।

তালিকায় থাকা অন্য ব্যাংকগুলো হলো—সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। অর্থ উপদেষ্টা জানান, ৫ আগস্টের আগের সময়কালীন এসব ব্যাংকের অডিট রিপোর্টগুলো বর্তমানে সরকারের পর্যবেক্ষণে রয়েছে। অডিটররা পেশাদারিত্ব বজায় রেখেছিলেন কি না, তা খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আমানতকারীদের সুরক্ষার বিষয়ে আশ্বস্ত করে তিনি বলেন, যাদের টাকা ব্যাংকে জমা আছে, তারা অবশ্যই তা ফেরত পাবেন। তবে শেয়ারহোল্ডারদের বিষয়টি ব্যাংক মালিকানার সঙ্গে সম্পৃক্ত এবং তারা কোন প্রেক্ষাপটে শেয়ার কিনেছিলেন তা বিস্তারিত পরীক্ষা করা হচ্ছে।

একই সঙ্গে দেশের জ্বালানি নিরাপত্তা ও বেতন কাঠামো নিয়েও কথা বলেন উপদেষ্টা। ভেনেজুয়েলা ও ইরানের অস্থিতিশীল পরিস্থিতির প্রভাব মোকাবিলায় সরকার কয়লা ও অফশোর ড্রিলিংয়ের সমন্বয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে বলে তিনি উল্লেখ করেন। এছাড়া নতুন পে-স্কেল কমিশনের কাজ শেষ পর্যায়ে রয়েছে এবং শিগগিরই তারা প্রতিবেদন জমা দেবেন বলে জানান ড. সালেহউদ্দিন আহমেদ।

Facebook Comments Box