সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত নতুন বেতন কাঠামোর প্রস্তাব চূড়ান্ত করেছে জাতীয় বেতন কমিশন। এতে সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ১৮ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন ২১ সদস্যের কমিশন আগামী ২১ জানুয়ারি (বুধবার) অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের কাছে এই আনুষ্ঠানিক প্রতিবেদন জমা দেবে।

কমিশন সূত্রে জানা গেছে, নতুন কাঠামোতে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের বৈষম্য কমাতে ১:৮ অনুপাত নির্ধারণ করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ২০ হাজার টাকার উপরে দাঁড়াবে। জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় বিবেচনা করে বিশেষ করে নিম্নস্তরের কর্মচারীদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতেই এই বিশাল উল্লম্ফনের সুপারিশ করা হয়েছে।

প্রস্তাবিত এই বেতন কাঠামো ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আংশিকভাবে এবং ২০২৬-২৭ অর্থবছরের জুলাই থেকে পূর্ণমাত্রায় কার্যকর হতে পারে। এটি বাস্তবায়িত হলে সরকারের রাজস্ব খাতে বার্ষিক অতিরিক্ত ৭০ থেকে ৮০ হাজার কোটি টাকা ব্যয়ের চাপ সৃষ্টি হবে। এই চাপ মোকাবিলায় চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে ইতোমধ্যে পরিচালন ব্যয় ২২ হাজার কোটি টাকা বৃদ্ধি করা হয়েছে।

গত বছরের জুলাইয়ে গঠিত এই কমিশন নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করেছে। অর্থ উপদেষ্টার মাধ্যমে প্রতিবেদনটি প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদে তোলা হবে। সেখানে চূড়ান্ত অনুমোদন মিললেই প্রজ্ঞাপন জারির মাধ্যমে শুরু হবে নতুন পে-স্কেল কার্যকরের প্রক্রিয়া। এটি কার্যকর হলে সরকারি সেবা খাতে কাজের গতি ও স্বচ্ছতা বৃদ্ধি পাবে বলে আশা করছে সংশ্লিষ্ট মহল।

Facebook Comments Box