দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ‘ভয়াবহ অবনতি’ ঘটেছে দাবি করে প্রতিটি নাগরিকের জানমাল রক্ষায় অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে কেরানীগঞ্জে এক বিএনপি নেতাকে গুলি করে আহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি এই দাবি জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে লক্ষ্য করে গুলি চালায় একদল সন্ত্রাসী। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মির্জা ফখরুল এই হামলাকে ‘ন্যাক্কারজনক ও বর্বর’ আখ্যা দিয়ে বলেন, “সাধারণ মানুষের জীবন ও নিরাপত্তা এখন চরম হুমকির মুখে। এই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা জরুরি। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেফতারের দাবি করছি।”

বিএনপি মহাসচিব আরও আশঙ্কা প্রকাশ করেন যে, এ ধরনের সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে বাধাগ্রস্ত করা এবং গণতান্ত্রিক অগ্রযাত্রাকে রুদ্ধ করার অপচেষ্টা চালানো হচ্ছে। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে গণতন্ত্রকামী জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

Facebook Comments Box