বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘বন্ধুত্ব’ গড়ার আগ্রহ নিয়ে মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের তীব্র সমালোচনা করেছেন প্রখ্যাত চিন্তক ও গবেষক ফরহাদ মজহার। শুক্রবার (২৩ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি একে বাংলাদেশের রাজনীতির জন্য একটি ‘ভয়ংকর অমঙ্গল সংকেত’ হিসেবে অভিহিত করেন।

ফরহাদ মজহার বলেন, “মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের নীতির সম্পর্ক স্পষ্ট হচ্ছে। বিশেষ করে গাজায় তথাকথিত ‘স্ট্যাবিলাইজেশন ফোর্স’ পাঠানোর প্রস্তাবের বিরোধিতা না করায় বোঝা যায় জামায়াতের সঙ্গে সাম্রাজ্যবাদী শক্তির এক ধরনের সমঝোতা রয়েছে।”

তিনি অভিযোগ করেন, বাংলাদেশের প্রায় প্রতিটি রাজনৈতিক দলই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত। অনেকেই প্রকাশ্যে ভারতবিরোধী অবস্থান নিলেও মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সোচ্চার হন না। আন্তর্জাতিক আইনের কার্যকারিতা এখন ফুরিয়ে গেছে দাবি করে তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্পের আচরণই তার প্রমাণ। ‘গণঅভ্যুত্থান সুরক্ষা মঞ্চ’ আয়োজিত এই সভায় তিনি জনসেবার সংকট ও নাগরিক সমাজের করণীয় নিয়েও বক্তব্য রাখেন।

Facebook Comments Box