নির্বাচনী প্রচারণায় বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যকার স্নায়ুযুদ্ধ এখন প্রকাশ্য সংঘাতের রূপ নিচ্ছে। ঢাকা-৬ আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সরাসরি জামায়াতকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, স্বাধীনতাবিরোধীদের আর কোনো ছাড় দেওয়া হবে না। তিনি অভিযোগ করেন, জামায়াত বিএনপি চেয়ারপারসন তারেক রহমানকে লক্ষ্য করে অপপ্রচার চালাচ্ছে এবং রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করছে।

রবিবার (২৫ জানুয়ারি) ঢাকা আইনজীবী সমিতি আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় আয়োজিত এক দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, “জিয়াউর রহমান উদারতা দেখিয়ে স্বাধীনতাবিরোধীদের রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন, কিন্তু তারা সেই সুযোগের অপব্যবহার করছে। ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী সবাইকে ‘সাইজ’ করে দেওয়ার যে হুমকি দিয়েছেন, তার পাল্টা জবাব দেওয়া হবে। তারা যদি খেলা শুরু করতে চায়, আমরাও প্রস্তুত।”

সম্প্রতি মিটফোর্ডে এক যুবদল নেতার মৃত্যুকে কেন্দ্র করে জামায়াতের ‘অনলাইন সেল’ থেকে গুজব ছড়ানো হচ্ছে দাবি করে ইশরাক বলেন, “গণ-অভ্যুত্থানের পর আমরা রাজনৈতিক সহাবস্থান আশা করেছিলাম। কিন্তু জামায়াত আমাদের নেতার সম্মানহানি করছে। তারা যদি সম্মান না দেয়, তবে একাত্তরে তাদের যে বিতর্কিত ভূমিকা ছিল, তা আমরা বারবার সামনে আনতে বাধ্য হব।”

বিগত ১৬ বছরের আন্দোলন-সংগ্রামে জামায়াতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ইশরাক বলেন, তারা কেবল ভোরে ব্যানার নিয়ে একটা ঝটিকা মিছিল করেই দায়িত্ব শেষ করত। রাজপথে ভারতপন্থি আওয়ামী সরকারের বিরুদ্ধে বিএনপিই মূল লড়াই চালিয়েছে।

অনুষ্ঠানে আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ মিয়া আলমও জামায়াতের সমালোচনা করে বলেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি এবং রাজনৈতিক বেঈমানির কারণেই বড় একটি ইসলামি দল তাদের জোট ছেড়ে চলে গেছে। তারা মদিনা সনদের দোহাই দিলেও বাস্তবে তা মেনে চলে না।

Facebook Comments Box