আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হলে বাগেরহাট–৩ সংসদীয় আসনে (মোংলা–রামপাল) ঘের দখল, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছেন প্রতিদ্বন্দ্বী চার প্রার্থী।
সোমবার (২৬ জানুয়ারি) পৌর শহরের শ্রমিক সংঘের মাঠে ‘সুশাসনের জন্য নাগরিক (সুজন)’ মোংলা কমিটির আয়োজনে অনুষ্ঠিত ‘জনতার মুখোমুখি’ অনুষ্ঠানে বিএনপির ড. শেখ ফরিদুল ইসলাম, জামায়াতে ইসলামীর মাওলানা আব্দুল ওয়াদুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের জিল্লুর রহমান এবং জেএসডির হাবিব মাস্টার এ অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিত হয়ে প্রার্থীদের কাছে প্রশ্ন রাখেন। তারা বলেন, গণতন্ত্র উত্তরণে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই। নির্বাচিত হলে এলাকায় আইনশৃঙ্খলা উন্নয়ন ও নাগরিক সেবায় অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন তারা।
‘জনতার মুখোমুখি’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজন মোংলার সভাপতি ফ্রান্সিস হালদার। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক। অনুষ্ঠানে প্রার্থীরা নিজেদের নির্বাচনী ইশতেহার তুলে ধরেন এবং জনগণের প্রশ্নের উত্তর দেন। শেষে চার প্রার্থী একটি সুস্পষ্ট অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন, যা সভায় পাঠ করে শোনানো হয়।
অনুষ্ঠান শেষে ভোটারদের সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থী নির্বাচনের আহ্বান জানিয়ে নাগরিক শপথবাক্য পাঠ করানো হয়।
Facebook Comments Box

মন্তব্য করুন