বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চেক প্রজাতন্ত্রের অনাবাসিক রাষ্ট্রদূত ড. এলিসকা জিগোভার নেতৃত্বে একটি প্রতিনিধিদল। বুধবার (২৮ জানুয়ারি) ঢাকা সেনানিবাসস্থ সেনা সদরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, সাক্ষাৎকালে সেনাপ্রধান ও চেক রাষ্ট্রদূত দুই দেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
বৈঠকে প্রতিরক্ষা খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। রাষ্ট্রদূত ড. এলিসকা জিগোভা সরকারি পর্যায়ে (জিটুজি) প্রযুক্তি হস্তান্তর (টিওটি), যৌথ উদ্যোগ (জয়েন্ট ভেঞ্চার) এবং বাংলাদেশের উদীয়মান প্রতিরক্ষা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় কারিগরি ও কৌশলগত সহযোগিতার প্রস্তাব তুলে ধরেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই আলোচনার মধ্য দিয়ে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার পথ প্রশস্ত হলো। বৈঠকে উভয় দেশের ঊর্ধ্বতন সামরিক ও কূটনৈতিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন