শেরপুরের ঝিনাইগাতিতে চেয়ারে বসা নিয়ে তুচ্ছ ঘটনায় জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করীমকে নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই প্রতিক্রিয়া জানান। পীর সাহেব চরমোনাই বলেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যখন জাতি একটি সুস্থ রাজনৈতিক সংস্কৃতির প্রত্যাশা করছে, তখন এ ধরনের নৃশংসতা অত্যন্ত হতাশাজনক। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, রাজনৈতিক প্রতিহিংসা বা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তপাত কোনোভাবেই কাম্য নয়।

বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, এই ঘটনার পেছনে প্রকৃত দায়ী ব্যক্তিদের খুঁজে বের করতে পুঙ্খানুপুঙ্খ তদন্ত প্রয়োজন। একইসঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালনে কোনো শিথিলতা ছিল কি না, তাও খতিয়ে দেখার দাবি জানান তিনি। এ সময় তিনি শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি ও ফতেহপুর ফাজিল মাদ্রাসার প্রভাষক মাওলানা রেজাউল করীমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

পীর সাহেব চরমোনাই রাজনৈতিক দলগুলো ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও দায়িত্বশীল এবং সতর্ক হওয়ার আহ্বান জানান, যাতে আগামীতে এ ধরনের সংঘাত এড়ানো সম্ভব হয়।

Facebook Comments Box