আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করলে প্রতিদ্বন্দ্বী দলগুলোকে সঙ্গে নিয়ে ‘ঐক্যের সরকার’ গঠনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তবে এই ঐক্যের ক্ষেত্রে তিনটি বিশেষ শর্ত জুড়ে দিয়েছেন তিনি।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
ডা. শফিকুর রহমান বলেন, “আল্লাহ যদি আমাদের বিজয়ী করেন, তবে আমরা পরাজিত প্রতিদ্বন্দ্বীদেরও দেশ গঠনে আমন্ত্রণ জানাব। তবে তাদের তিনটি শর্ত মানতে হবে— নিজে দুর্নীতি বা লুটপাট করবেন না এবং কোনো দুর্নীতিবাজকে আশ্রয় দেবেন না; সবার জন্য সমান ন্যায়বিচার নিশ্চিত করতে হবে; এবং জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে পূর্ণ সম্মান জানাতে হবে।”
নির্বাচনে বিদেশি প্রভাবের বিষয়ে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বাংলাদেশে কারা ক্ষমতায় আসবে তা এ দেশের জনগণই নির্ধারণ করবে। বাইরের কেউ প্রভাব বিস্তারের চেষ্টা করলে দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিরোধ করবে।
একই জনসভায় জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, তিনি চৌদ্দগ্রামকে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি থেকে দেখেন না। রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও সাধারণ মানুষের অধিকার আদায়ে তিনি সবার পাশে থাকার অঙ্গীকার করেন। এ সময় মঞ্চে জামায়াত ছাড়াও বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মীদের উপস্থিত থাকতে দেখা যায়।

মন্তব্য করুন