শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যা মামলায় প্রধান আসামি ও শেরপুর-৩ আসনের বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেলসহ ৪০ জনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২ ফেব্রুয়ারি) বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আদালত আবেদনকারীদের ছয় সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেছেন। জামিনের মেয়াদ শেষ হলে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে।
ঘটনার বিবরণে জানা যায়, গত ২৮ জানুয়ারি বিকেলে ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। ওই ঘটনায় গুরুতর আহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
এই হত্যাকাণ্ডের ঘটনায় গত ৩০ জানুয়ারি রাতে নিহতের স্ত্রী মোছা. মার্জিয়া বাদী হয়ে ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করেন। মামলায় মাহমুদুল হক রুবেলকে প্রধান আসামি করে ২৩৪ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে।
ভোটের রাজনীতির মাঠে এই মামলা ও জামিনকে কেন্দ্র করে শেরপুর-৩ আসনে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। জামায়াতের পক্ষ থেকে এই হত্যার বিচার দাবি করা হলেও বিএনপির দাবি, এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে দলীয় প্রার্থীকে প্রধান আসামি করা হয়েছে।

মন্তব্য করুন