নরসিংদী-২ আসনে ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মো. গোলাম সারোয়ার (সারোয়ার তুষার) নির্বাচনী এলাকায় ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে গোপন প্রচারণার অভিযোগ তুলেছেন। জামায়াতে ইসলামী আনুষ্ঠানিকভাবে জোটকে সমর্থন দিলেও মাঠ পর্যায়ে দলটির নাম ব্যবহার করে একটি পক্ষ সমান্তরাল প্রচারণা চালাচ্ছে বলে দাবি করেছেন তিনি।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সারোয়ার তুষার এই পরিস্থিতির বর্ণনা দেন। তিনি জানান, জামায়াতের নামে একদল লোক এলাকায় মিছিল ও প্রচারণা চালাচ্ছে, অথচ দলটির স্থানীয় দায়িত্বশীলরা এ বিষয়ে কিছু জানেন না বলে দাবি করছেন। বিষয়টিকে তিনি ‘অদ্ভুত পরিস্থিতি’ বলে অভিহিত করেন।

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, গত মঙ্গলবার জামায়াতে ইসলামীর আমির তাকে জোটের প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন এবং তার হাতে ‘শাপলা কলি’ প্রতীক তুলে দিয়েছেন। এর আগে দলটির সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার ব্যালটে দাঁড়িপাল্লা প্রতীক না রাখার জন্য নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিলেন।

সারোয়ার তুষার আশা প্রকাশ করেন, স্থানীয় জামায়াত সংগঠন কেন্দ্রের নির্দেশনা মেনে শেষ পর্যন্ত জোটের প্রার্থীর পক্ষেই থাকবে। উল্লেখ্য, সম্প্রতি নির্বাচনী প্রচারণার সময় এক জামায়াতকর্মীর সঙ্গে তার বাগবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে।

Facebook Comments Box