ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সমাপনী প্রচারণায় বড় শো-ডাউনের প্রস্তুতি নিয়েছে বিএনপি। আগামী রোববার (০৮ ফেব্রুয়ারি) দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে দলের এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, ঢাকা বিভাগের বিভিন্ন জেলার নেতা-কর্মীরা এই জনসভায় যোগ দেবেন। জনসভা ছাড়াও আগামীকাল শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) বেলা ৩টায় দলের বহুল প্রতীক্ষিত নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে বলেও তিনি নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, কোনো ধরনের চক্রান্ত বা ষড়যন্ত্র করে বিএনপির অগ্রযাত্রা থামানো যাবে না। দেশ ও গণতন্ত্রের স্বার্থে সাধারণ মানুষ এবার ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষেই রায় দেবে। তিনি আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের পাশাপাশি একই দিনে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী, ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় সব ধরনের নির্বাচনী প্রচারণা শেষ হতে হবে।

Facebook Comments Box