আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে মোবাইল ফোন ব্যবহারে নির্বাচন কমিশনের (ইসি) নিষেধাজ্ঞাকে ‘হঠকারী’ ও ‘ভোট চুরির সুযোগ’ হিসেবে আখ্যা দিয়েছেন রাজনৈতিক নেতা ও ছাত্র প্রতিনিধিরা। সোমবার (৯ ফেব্রুয়ারি) পৃথক বিবৃতিতে এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং ডাকসু ভিপি সাদিক কায়েম।

কুমিল্লা-৪ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেন, “ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল নিষিদ্ধের অর্থ হলো সিটিজেন জার্নালিজমকে বাধা দেওয়া। ইঞ্জিনিয়ারিং বা জালিয়াতি করার ইচ্ছা থাকলেই কেবল এমন সিদ্ধান্ত নেওয়া যায়।” তিনি আরও মন্তব্য করেন, সিসি ক্যামেরা থাকলেও অনিয়ম ঠেকাতে ব্যক্তিগত মোবাইল ফোন বেশি কার্যকর, কারণ এতে তাৎক্ষণিক ভিডিও রেকর্ড করা সম্ভব। এই সিদ্ধান্ত সাধারণ ভোটারদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি করবে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

একই সুরে প্রতিবাদ জানিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। তিনি এই পদক্ষেপকে ‘নব্য ফ্যাসিজম’ হিসেবে উল্লেখ করে বলেন, “কার ইশারায় বা প্রভাবে কমিশন এই সিদ্ধান্ত নিল, এ প্রশ্ন অনিবার্য। এটি নাগরিকদের তথ্য অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা।” তিনি তরুণ সমাজকে এই সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি ইসি এক নির্দেশনায় জানায়, ১২ ফেব্রুয়ারি ভোটের দিন প্রিজাইডিং অফিসার ও নির্দিষ্ট নিরাপত্তা সদস্য ছাড়া অন্য কেউ কেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। এই সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

Facebook Comments Box