ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে অবস্থান করার অভিযোগে কলকাতায় আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। গত রোববার (১৫ ফেব্রুয়ারি) কলকাতার পার্ক স্ট্রিট সংলগ্ন কলিন স্ট্রিটের একটি হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—আবির হোসেন, মোহাম্মদ মামুন রশিদ, মোহাম্মদ আলিমুন গাজী, আজম মোল্লা, ফয়সাল আমিন ও জাহিদুল ইসলাম। তাদের বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে এবং তারা বাংলাদেশের নোয়াখালী ও টাঙ্গাইল জেলার বাসিন্দা। গ্রেপ্তারকৃতদের মধ্যে আজম মোল্লা একজন সঙ্গীতশিল্পী হিসেবে পরিচিত।

কলকাতা পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আক্রান্ত হওয়ার ভয়ে তারা মেডিকেল ভিসা নিয়ে ভারতে প্রবেশ করেন। গত বছরের নভেম্বর থেকে চলতি বছরের জানুয়ারির মধ্যে তাদের প্রত্যেকের ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও তারা দেশে ফেরেননি। সম্প্রতি তাদের কাছে থাকা টাকা ফুরিয়ে এলে তারা কলিন স্ট্রিটের একটি সস্তা হোটেলের একই রুমে গাদাগাদি করে থাকতে শুরু করেন। সেখান থেকে চাকরির উদ্দেশ্যে তৃতীয় কোনো দেশে পালানোর পরিকল্পনা ছিল তাদের।

আদালত সূত্রে জানা যায়, সোমবার তাদের ব্যাংকশাল আদালতে তোলা হলে বিচারক আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। গ্রেপ্তারের পর তারা পুলিশের কাছে বাংলাদেশে ফিরতে অনীহা প্রকাশ করেছেন। তবে সাজার মেয়াদ শেষ হলে আইন অনুযায়ী তাদের বাংলাদেশে ‘পুশ ব্যাক’ করার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box