প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভায় আঞ্চলিক প্রতিনিধিত্বের ক্ষেত্রে বড় ধরনের ব্যবধান পরিলক্ষিত হয়েছে। বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ১৩ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ। অন্যদিকে, মাত্র ২ জন মন্ত্রী নিয়ে সবচেয়ে পিছিয়ে আছে সিলেট বিভাগ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা বিভাগ থেকে ৭ জন মন্ত্রী এবং ৬ জন প্রতিমন্ত্রী নিয়োগ পেয়েছেন। সংখ্যার দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ; যেখান থেকে ৯ জন মন্ত্রী ও ২ জন প্রতিমন্ত্রীসহ মোট ১১ জন সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে স্থান পেয়েছেন।

বিভাগওয়ারি পরিসংখ্যানে দেখা যায়, রাজশাহী, রংপুর ও বরিশাল বিভাগ থেকে ৫ জন করে সদস্য মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন। খুলনা বিভাগ থেকে ৪ জন এবং ময়মনসিংহ বিভাগ থেকে ৪ জন নিয়োগ পেয়েছেন। তবে ময়মনসিংহের ৪ জনই প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন, এই বিভাগ থেকে কেউ পূর্ণ মন্ত্রী হতে পারেননি।

সিলেট বিভাগ থেকে খন্দকার আব্দুল মুক্তাদির ও আরিফুল হক চৌধুরী পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিলেও এই বিভাগ থেকে কোনো প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়া হয়নি। ফলে বিভাগীয় কোটায় সবচেয়ে কম প্রতিনিধিত্ব থাকছে সিলেটের।

নতুন এই মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রীর পাশাপাশি ৩ জন টেকনোক্র্যাট সদস্যও রয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ হাতে রেখেছেন মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগ। আঞ্চলিক এই ভারসাম্য ও দপ্তর বণ্টনের মাধ্যমে নতুন সরকার তার প্রশাসনিক কার্যক্রম শুরু করল।

Facebook Comments Box