বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিলেটের গোলাপগঞ্জে পুলিশের গুলিতে নিহতের ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ না করায় জেলা প্রশাসক (ডিসি) মো. সারোয়ার আলমকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিষয়টি জানাজানি হয়।

সিলেটের আমলি আদালত নম্বর-২ এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুদীপ্ত তালুকদার এই আদেশ দেন। আগামী ১৫ দিনের মধ্যে জেলা প্রশাসককে লিখিতভাবে এই শোকজের জবাব দিতে বলা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট গোলাপগঞ্জে আন্দোলন চলাকালে তাজ উদ্দিন নামে এক ব্যক্তি নিহতের ঘটনায় তাঁর স্ত্রী মামলা করেন। মামলার তদন্ত সংস্থা পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) ওইদিন ঘটনাস্থলে গুলির আদেশ প্রদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটের পরিচয় ও প্রয়োজনীয় নথিপত্র চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করে। তবে দীর্ঘদিন পার হলেও জেলা প্রশাসন সেই তথ্য সরবরাহ করেনি।

আদালত তাঁর আদেশে উল্লেখ করেন, তথ্য না পাওয়ায় মামলার তদন্তকাজ চরমভাবে বিলম্বিত হচ্ছে। আদালতের আগের আদেশ অমান্য করা সরাসরি আদালত অবমাননার শামিল এবং বিচারকাজে প্রতিবন্ধকতা তৈরির সমতুল্য। কেন তাঁর বিরুদ্ধে আইনগত বা বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না, তা স্পষ্ট করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলম জানান, আদালতের নোটিশের বিষয়ে তিনি অবগত হয়েছেন এবং নির্ধারিত সময়ের মধ্যে এর আইনি জবাব দেবেন।

Facebook Comments Box