চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নের ফাজিলখাঁর হাট এলাকায় এই সহিংসতার ঘটনা ঘটে।

আহতদের মধ্যে শাহেদুল আলম নামে একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ফাজিলখাঁর হাটে একটি দোকানে রাজনৈতিক আলাপচারিতার সময় স্থানীয় জামায়াত কর্মী সালাহউদ্দিনের সঙ্গে কৃষক দল ও যুবদল কর্মীদের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

ঘটনার বিষয়ে কর্ণফুলী উপজেলা জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি মো. আলমগীর দাবি করেন, পূর্ব শত্রুতা ও নির্বাচন কেন্দ্রিক হুমকির জেরে তাদের নেতা-কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। এতে তাদের চারজন আহত হয়েছেন।

অন্যদিকে, উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুল ইসলাম পাল্টা অভিযোগ করে বলেন, নির্বাচনের বিরোধকে কেন্দ্র করে জামায়াত কর্মীরাই প্রথমে হামলা চালিয়েছে। এই ঘটনায় তাদের পক্ষেরও চারজন আহত হয়েছেন বলে তিনি জানান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়েছে। কর্ণফুলী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসপি) মো. জামাল উদ্দীন চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Facebook Comments Box