কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য এবং ন্যাশনাল সিটিজেনস পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর একটি সংক্ষিপ্ত ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তৈরি করেছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাঁর ভেরিফায়েড পেজে দেওয়া এই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

হাসনাত আব্দুল্লাহ তাঁর ফেসবুক দেয়ালে মাত্র দুটি শব্দ লিখেছেন— ‘ইনকিলাব জিন্দাবাদ।’

অমর একুশে ফেব্রুয়ারির সন্ধ্যায় দেওয়া এই বার্তার রাজনৈতিক গুরুত্ব নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষণ। পোস্টটি প্রকাশের পরপরই হাজার হাজার রিয়্যাকশন এবং মন্তব্য জমা পড়ে। সমর্থকদের অনেকে এটিকে চব্বিশের গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখার আহ্বান হিসেবে দেখছেন, অন্যদিকে সমালোচকদের মধ্যেও এটি নিয়ে নানা কৌতুহলের সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, হাসনাত আব্দুল্লাহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা হিসেবে পরিচিত এবং সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে সংসদে নিজের জায়গা করে নিয়েছেন। তাঁর এই ‘ইনকিলাব’ (বিপ্লব) স্লোগানটি নতুন সরকারের রাজনৈতিক মেরুকরণে বিশেষ কোনো ইঙ্গিত কি না, তা নিয়ে চলছে আলোচনা।

Facebook Comments Box