জুলাই গণঅভ্যুত্থানের পর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীরা দেশের বিভিন্ন স্থানে আবারও সক্রিয় হওয়া এবং দলীয় কার্যালয় খোলার চেষ্টা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই প্রসঙ্গ তোলেন।
পোস্টটিতে তিনি কুমিল্লা-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে ট্যাগ করে লেখেন— “হাসনাত আব্দুল্লাহ কই? লীগ তো দোকান খোলা শুরু করছে। নির্বাচন তো হইলো, এইবার সংস্কার আর বিচার হইব্বে।”
নাসীরুদ্দীনের এই মন্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার দায়িত্ব নিলেও আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত অপরাধের বিচার এবং রাষ্ট্রীয় সংস্কারের গতি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
উল্লেখ্য, ৫ আগস্টের পর আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম কার্যত বন্ধ থাকলেও সম্প্রতি দেশের কিছু এলাকায় তাদের কার্যালয় খোলার চেষ্টার খবর পাওয়া যাচ্ছে। ঢাকা-৮ আসন থেকে নির্বাচনে লড়ে পরাজিত হওয়া নাসীরুদ্দীন মূলত নির্বাচনের চেয়েও জুলাই বিপ্লবের স্পিরিট রক্ষা এবং ইনসাফ কায়েমের ওপর বেশি জোর দিচ্ছেন বলে তাঁর পোস্টে প্রতীয়মান হয়।

মন্তব্য করুন