অ্যাথলেট প্রশিক্ষক সাজ্জাদ হোসেন স্নিগ্ধকে হাফপ্যান্ট পরার কারণে মেট্রোস্টেশনে পুলিশের হেনস্তার অভিযোগের প্রতিবাদে হাফপ্যান্ট পরে মেট্রোরেলে চড়ে প্রতিবাদ জানিয়েছেন কয়েকজন তরুণ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৭টার দিকে রাজধানীর ফার্মগেট মেট্রোস্টেশনে এ প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর সকালে টি-শার্ট ও হাফপ্যান্ট পরে ফার্মগেট মেট্রোস্টেশনে মেট্রোরেলে উঠতে গেলে অ্যাথলেট প্রশিক্ষক সাজ্জাদ হোসেন স্নিগ্ধ পুলিশের হেনস্তার মুখে পড়েন বলে অভিযোগ ওঠে। ওই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত ফার্মগেট মেট্রোস্টেশনে ‘হাফপ্যান্ট পরে মেট্রোরেলে!’ শীর্ষক কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে অংশ নেওয়া তরুণরা বলেন, স্বাভাবিক স্পোর্টসওয়্যার পরার কারণে কোনো যাত্রীকে হয়রানি করা বা গণপরিবহন ব্যবহারে বাধা দেওয়া উচিত নয়। পোশাকের কারণে যাত্রী হয়রানির প্রতিবাদ জানাতেই তারা হাফপ্যান্ট পরে মেট্রোরেলে যাত্রা করেন।

Facebook Comments Box