শরীয়তপুরে যারা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ থেকে বঞ্চিত হয়েছে তাদের সবাইকে প্যানেল গঠনের মাধ্যমে নিয়োগ দেয়ার দাবীতে মানববন্ধন করেছে জেলা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্যানেল চাই বাস্তবায়ন কমিটি। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১ টার দিকে শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন করে তারা। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মামুন-উল-হাসানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় মানববন্ধনে জেলা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্যানেল বাস্তবায়ন কমিটির সভাপতি আবু বকর (রনি), সাধারণ সম্পাদক উর্মি জাহান মুক্তি, সদস্য রানু আক্তার, ফাতেমা আক্তার, দোলন আক্তার, সফিকুল ইসলাম, সুজনসহ অন্যান্য সদস্য ও দুই শতাধিক বেকার যুবক-যুবতীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৮ সালে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ও মোখিক পরীক্ষায় অংশগ্রহণকারী সবাইকে প্যানেল করে অবিলম্বে সরাসরি নিয়োগ প্রদান করা হোক।
তারা বলেন, আমরা শিক্ষিত বেকার। কঠিন যন্ত্রণা ও অভিশাপ থেকে মুজিববর্ষ উপলক্ষ্যে আমাদের বেকারত্ব থেকে চাকরি দিয়ে মুক্তি দেয়া হোক। কারণ ২০১০, ২০১২ ও ২০১৩ সালে প্যানেলের মাধ্যমে নিয়োগ দেয়া হয়েছে। তাছাড়া ২০১৪ সালেও প্যানেলের মাধ্যমে সারা বাংলাদেশে প্রায় ৪৩ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হয়। তাহলে এখন আমাদের প্যানেলের মাধ্যমে নিয়োগ দিতে সমস্যা কি? আমরা আশাবাদী বঙ্গবন্ধুর কন্যা জনদরদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দাবী মেনে নেবেন।
শরীয়তপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উচ্চমান সহকারী বিনয় সরকার জানান, সরকার ২০১৮ সালের ৩০ জুলাই প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তির মাধ্যমে জেলায় ১৮ হাজার ৭৮৬ জন আবেদন করেন। আবেদনকারীরা ২০১৯ সালের ২৪ ও ৩১ মে লিখিত পরীক্ষা দেন। লিখিত পরীক্ষায় ১ হাজার ১৮৭ জন উত্তীর্ণ হন। উত্তীর্ণরা মোখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ২০২০ সালের ২২ জানুয়ারি মাসে শরীয়তপুরে ৩৮৫ জন সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পান।
Facebook Comments Box

মন্তব্য করুন