শরীয়তপুরে ‘যুব উদ্যোক্তা তৈরি কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র হ্রাসকরণ’ শীর্ষক যুব উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ‘তারুণ্যের শক্তি, বাংলাদেশের সমৃদ্ধি; দক্ষ যুবক গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’-এ শ্লোগানে রবিবার (১৪ মার্চ) দিনব্যাপী জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে জেলা প্রশাসন এ যুব উদ্যোক্তা সম্মেলনের আয়োজন করে।

জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল, এমপি।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল বলেন- যুবকদের আত্মকর্মসংস্থানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, ২ লক্ষ যুবককে বিনা জামানতে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। এবং চারটি ব্যাংক থেকে সামান্য লাভ ২ হাজার কোটি টাকা পর্যন্ত ঋণ দেয়া হবে। আমরা ৬২ লক্ষ যুবককে প্রশিক্ষণ দিতে সক্ষম হয়েছি। এর মধ্যে ২২ লক্ষ যুবক আত্মকর্মী হয়েছে। যুবকদের আত্মকর্মী হওয়ার জন্য আমাদের যুব উন্নয়নের মাধ্যমে ২ হাজার ৪৭ কোটি টাকা ঋণ দিয়েছি। আমরা প্রত্যেকটা গ্রামকে শহরে রূপান্তর করব। শরীয়তপুরেও শিল্প-কারখানা হবে। এই শিল্প-কারখানায় যেই মানুষ লাগে আমরা যুব উন্নয়ন অধিদপ্তর তাদেরকে প্রশিক্ষিত করে তুলে কর্মসংস্থানের জন্য তৈরী করবো।

প্রতিমন্ত্রী বলেন, ঢাকা শহরে মাছের প্রচুর চাহিদা আপনাদের এই অঞ্চল মাছের জন্য খুব বিখ্যাত তাই আমরা ফিশ প্রসেসিং এর ব্যবস্থা করছি। আরো একটা বিষয় যানবাহন প্রশিক্ষণের বিষয়টি অধীনে ছিল যুবকদের উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দায়িত্ব দিয়ে দিয়েছেন। ৪০ হাজার যানবাহন চালক তৈরি করতে হবে। এই যানবাহন তৈরিতে আমরা ৪০ টি জেলাকে বেছে নিয়েছি। এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ১০৩ কোটি টাকা বাজেট অনুমোদন দিয়েছেন। আমরা এমন এক প্রধানমন্ত্রীর সাথে আছি তিনি আর কেউ নন তিনি জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। যিনি এক যুগেরও বেশী জেল খেটেছেন। যার সামনে ফাঁসির মঞ্চ খুলে দেওয়া হয়েছিল, তারপরেও তিনি আপোস করেননি। যে পশ্চিম পাকিস্তান বাংলাদেশকে শোষণ করে লুন্ঠন করে নিতে চাইছিল তারাই এখন বাংলাদেশকে উদাহরণ হিসেবে দেখছে। এটাই বঙ্গবন্ধুর বাংলাদেশ, এটাই শেখ হাসিনার বাংলাদেশ।

শরীয়তপুর অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো: শামীম হোসেন-এর সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ আখতার হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আজহারুল ইসলাম, জেলা পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ছাবেদুর রহমান সিকদার, শরীয়তপুর জেলা পরিষদের উপসচিব দিদারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে ও শরীয়তপুর পৌরসভার মেয়র এ্যাড. পারভেজ রহমান জন।

এছাড়া আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, যুব উদ্যোক্তাবৃন্দ ও জনসাধারণ সম্মেলনে উপস্থিত ছেলেন। সম্মেলনে ৩৩ টি যুব উদ্যোক্তা সংগঠন তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন করেন।

Facebook Comments Box