সয়াবিন তেল, মসুরের ডাল ও চিনি বিক্রির মাধ্যমে শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নে রবিবার (২০ মার্চ) থেকে শুরু হলো ফ্যামিলি কার্ডে টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) পণ্য বিক্রি। বেলা ১১টার দিকে রুদ্রকর ইউনিয়নের সামনে মেসার্স মাইশা জেনারেল স্টোর নামক একটি প্রতিষ্ঠানের মাধ্যমে শরীয়তপুর জেলা প্রশাসক মো: পারভেজ হাসান-এর নির্দেশক্রমে এ পণ্য বিক্রি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রুদ্রকর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম ঢালী।

জানা যায়, একটি কার্ডের বিপরীতে দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি চিনি ও দুই কেজি মসুরের ডাল যথাক্রমে ২২০, ১১০ এবং ১৩০ টাকা মোট ৪৬০ টাকার প্যাকেজে বিক্রি করা হচ্ছে। ইউনিয়নে নতুন পুরাতন মিলে মোট ১৫৮৭ জন তালিকাভুক্ত সদস্যের মধ্যে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। সকাল ৯টা থেকে বিকেল চারটা পর্যন্ত এই কার্যক্রম চলবে।

এছাড়া পণ্য বিক্রির প্রথমদিন জেলার ছয় উপজেলার প্রায় ৬৬ হাজার ৩৩ জন পরিবারের মধ্যে প্রায় অর্ধেকের কাছে খাদ্যপণ্য বিক্রি করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

উদ্বোধনী অনুষ্ঠানে আলহাজ্ব সিরাজুল ইসলাম ঢালী বলেন, নির্ধারিত মূল্যে টিসিবির মাধ্যমে পণ্য বিক্রির কার্যক্রম আনুষ্ঠানিভাবে উদ্বোধন করা হলো। এ দফায় নতুন পুরাতন মিলে এ ইউনিয়নে ১৫৮৭ পরিবারের কাছে এই খাদ্যপণ্য বিক্রি করা হবে। প্রথম দফার কার্যক্রম শুরু হলো; এছাড়া আর একবার রমজানের শুরুতে পণ্য বিক্রি করা হবে।

এ সময় ইউনিয়নের সচিবসহ সংরক্ষিত মহিলা আসনের সদস্য ও সাধারণ সদস্য ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিক প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box