শরীয়তপুরে চলমান শৈত্যপ্রবাহে অসহায় শীতার্তদের দুর্ভোগ লাঘবে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ৩৬ হাজার ১৫০টি কম্বল বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ জানান, জেলার দুর্গম চরাঞ্চলসহ প্রত্যন্ত অঞ্চলের দুস্থ শীতার্তদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারদের সমন্বয়ে পৌরসভা ও ইউনিয়ন পরিষদের মাধ্যমে কম্বল বিতরণ করা হয়। আরও ৫ হাজার কম্বল বিতরণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি বলেন, অগ্রাধিকার ভিত্তিতে তুলনামূলক দুস্থরা যাতে কম্বল পান সে বিষয়ে সকলকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। শীতে কর্মহীন হয়ে পড়াদের জন্য ১ হাজার প্যাকেট শুকনা খাবার বিতরণের কাজও প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও শৈত্যপ্রবাহ দীর্ঘায়িত হওয়ায় ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আরও ২০ হাজার কম্বলের চাহিদাপত্র পাঠানো হয়েছে।
কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধনে জেলা প্রশাসক বলেন, শীতের কষ্টে অসহায় শীতার্তদের পাশে দাঁড়াতে সরকার বদ্ধপরিকর। তাদের এই দুর্ভোগ লাঘবে সরকারের সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে।
কম্বল পেয়ে শীতার্তরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, শীতের কষ্টে তারা অনেক কষ্টে দিন কাটাচ্ছিলেন। কম্বল পেয়ে তাদের কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে।

মন্তব্য করুন