শরীয়তপুরের সখিপুরে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের পাল্টাপাল্টি কমিটি ঘোষন করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে শরীয়তপুর জেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি সিরাজুল ইসলাম হেবজু অনুমোদিত কমিটির বিপরীতে সংগঠনটির জেলা সাধারন সম্পাদক মাহমুদ হাসান সুমন আর একটি কমিটি ঘোষনা করেন। পাল্টাপাল্টি কমিটি ঘোষনার ফলে সংগঠনটির সাধারণ নেতাকর্মীদের মাঝে বিভ্রান্তি দেখা দিয়েছে।
সংগঠনটির সাবেক সাধারন সম্পাদক মেহেদী হাসানের সাথে আলাপ করে জানা গেছে, কয়েকদিন আগে সংগঠনটির শরীয়তপুর জেলার সাধারন সম্পাদক মাহমুদ হাসান সুমনকে অবগত না করেই সখিপুর থানা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ১৫ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করেন জেলা সভাপতি সিরাজুল ইসলাম হেবজু। কমিটিতে ইমন ছৈয়ালকে সভাপতি ও ইমরান সরদারকে সাধারন সম্পাদক করা হয়। ফলে এ কমিটি নিয়ে মাহমুদ হাসান সুমনের সমর্থকদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়। পরে গত মঙ্গলবার রাতে ঐ কমিটির বিপরীতে ইমরান বেপারীকে সভাপতি ও কায়সার আহমেদ স্বপন সরদারকে সাধারন সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট একটি কমিটি অনুমোদন করেন সংগঠনটির জেলা সাধারন সম্পাদক মাহমুদ হাসান সুমন।
এ বিষয়ে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের শরীয়তপুর জেলা শাখার সাধারন সম্পাদক মাহমুদ হাসান সুমন বলেন, সিরাজুল ইসলাম হেবজু আমাকে অবগত না করে এবং আগের কমিটি বাতিল না করে সে কিভাবে নতুন কমিটি ঘোষনা করে! তাছাড়া যে প্যাডে কমিটি অনুমোদন করা হয়েছে তা সম্পূর্ণ ভূয়া। তাই সংগঠনের নিয়ম অনুযায়ী আগের কমিটি বাতিল করে ত্যাগী কর্মীদের সমন্বয়ে আমি নতুন কমিটি ঘোষনা করেছি।
এ বিষয়ে জানতে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের শরীয়তপুর জেলা সভাপতি সিরাজুল ইসলাম হেবজুর মোবাইলে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

মন্তব্য করুন