শরীয়তপুর ১০০ শয্যা সদর হাসপাতালে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান পরিচালনা করে রোগীদের খাবার, টিকেট কাউন্টার ও ওষুধ বিতরণে অনিয়ম পেয়েছে।
নানা অনিয়মের অভিযোগের ভিত্তিতে আজ মঙ্গলবার ৩১ ডিসেম্বর সকাল থেকে দুপুর পর্যন্ত দুদক হাসপাতালের রন্ধনশালা, ফার্মেসি, বিভিন্ন ওয়ার্ড এবং স্টোর তদন্ত করে।
দুদক এ সময় দেখতে পায় রোগীরা নিম্নমানের খাবার এবং পরিমাণে কম পায়। নিয়মিত রোগীদের ১৫০ গ্রাম মুরগীর মাংস সরবরাহ করার কথা থাকলেও পাওয়া যায় মাত্র একটুকরো ৩০ গ্রাম। হাসপালের ফার্মেসিতে ওষুধেও অনিয়ম পায় দুদক। এছাড়া টিকেট কাউন্টারে প্রতি টিকেট ৫টাকা নেয়ার কথা থাকলেও নিচ্ছে ১০ টাকা করে।
এসময় মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সাইদুর রহমান অপু অসন্তোস প্রকাশ করে দৈনিক রুদ্রবার্তাকে বলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) ১০৬ টোল ফ্রি কলের মাধ্যমে
শরীয়তপুর ১০০ শয্যা সদর হাসপাতালের বিভিন্ন অনিয়ম সম্পর্কে আমরা জানতে পারি। পরে হাসপাতালের রন্ধনশালা, ফার্মেসি, বিভিন্ন ওয়ার্ড এবং স্টোর তদন্ত পরিচালনা করি।
এসময় রোগীদের খাবার, টিকেট কাউন্টার ও ওষুধ বিতরণে অনিয়ম পেয়েছি। পরে তদন্ত শেষ করে নানা অনিয়মের বিষয়টি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হাবিবুর রহমানের কাছে তুলে ধরি এবং তাকে ব্যবস্থা নেয়ার কথা বলি।
শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হাবিবুর রহমান দৈনিক রুদ্রবার্তাকে বলেন, আজ সদর হাসপাতালে চার সদস্যর একটি দুদক টিম অভিযান পরিচালনা করেছে। কিছু অনিয়ম পেয়ে আমাকে অবহিত করেছে। অনিয়মের বিষয়ে আমি আমলে নিয়ে ব্যবস্থা গ্রহণ করবো।

মন্তব্য করুন