শরীয়তপুর সদর উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন লিটনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কুরাশী এলাকা থেকে তাকে আটক করা হয়। আজ রোববার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পালং মডেল থানার ওসি হেলাল উদ্দিন জানান, লিটনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য ও চাঁদাবাজির দুটি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। পুলিশ একাধিকবার চেষ্টা করেও তাকে গ্রেপ্তার করতে পারেনি।
ওসি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে কুরাশী এলাকায় বিশেষ চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় শাহাদাৎ হোসেন লিটনকে শনাক্ত করে আটক করা হয়। পরে থানায় নিয়ে আসা হলে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, যুবলীগের রাজনীতির পাশাপাশি এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করতেন লিটন। রাজনৈতিক পরিচয়ের কারণে এতদিন আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে বেঁচে গেছেন বলে অভিযোগ স্থানীয়দের।

Facebook Comments Box