জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৪–২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে শরীয়তপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ বৃহস্পতিবার (৯ অক্টোবর) এক বর্ণাঢ্য নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই আয়োজনে নবীনদের হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট, বই, জেলা কল্যাণের নামসংবলিত কলম ও স্কেল, ফুলের তোড়া এবং চকোলেট।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান মাদবর। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কে এম শাখাওয়াত হোসেন, জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান রুমি, জাফর আহমেদ, শাহরিয়ার হোসেন, সফিকুল সবুজ, মাহবুব আলম এবং সখিপুর থানা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি সৌরভ মৃধা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মনির হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে মজিবুর রহমান মাদবর বলেন, “বিশ্ববিদ্যালয় জীবন শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের জন্য নয়, এটি নেতৃত্ব, নৈতিকতা ও দায়িত্ববোধ গঠনের সময়। তোমরা সততা ও যোগ্যতার মাধ্যমে শরীয়তপুরের সুনাম আরও উজ্জ্বল করবে।”
বিশেষ অতিথি কে এম শাখাওয়াত হোসেন নবীনদের উদ্দেশে বলেন, “সিনিয়রদের প্রতি শ্রদ্ধা, সহপাঠীদের প্রতি সহযোগিতা এবং সংগঠনের প্রতি আন্তরিকতা—এই তিনটি গুণ ধরে রাখতে পারলে নেতৃত্বের পথে এগিয়ে যাওয়া সহজ হবে।”
সভাপতি সৌরভ মৃধা বলেন, “নবীনবরণ কেবল আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের পারস্পরিক ভালোবাসা ও ঐক্যের প্রতীক। আমরা চাই, শরীয়তপুর জেলার প্রতিটি শিক্ষার্থী যেন একে অপরের পাশে থেকে বিশ্ববিদ্যালয় জীবনে এগিয়ে যেতে পারে।”
সাধারণ সম্পাদক মনির হোসাইন বলেন, “আমরা চাই নবীনরা শুধু পড়াশোনাতেই নয়, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতায়ও এগিয়ে থাকুক। পরিষদ তাদের প্রতিটি পদক্ষেপে পাশে থাকবে।”
অনুষ্ঠানে জেলা ছাত্রকল্যাণ পরিষদের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতি নবীনদের জন্য অন ওঠে।

মন্তব্য করুন