“আমি কন্যা শিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুর জেলায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে জাতীয় কন্যা শিশু দিবস-২০২৫। সোমবার (১৪ অক্টোবর) জেলার ৬টি উপজেলায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে একযোগে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় কন্যা শিশুর অধিকার, শিক্ষা, নিরাপত্তা ও সুযোগ-সুবিধা নিশ্চিতকরণে করণীয় বিষয়ে আলোকপাত করা হয়।

সভায় বক্তারা বলেন, সমাজে এখনো কন্যা শিশু অনেক ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে। এই মানসিকতা পরিবর্তন করতে হবে পরিবার ও সমাজের ভেতর থেকেই। প্রতিটি কন্যা শিশুর নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে রাষ্ট্রীয় এবং সামাজিকভাবে দায়িত্ব নিতে হবে।

এদিকে, একই দিনে শরীয়তপুর জেলা শিশু একাডেমির আয়োজনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৫ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইমরুল হাসান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ শাহিন উদ্দিন। সাতদিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

বক্তারা এ সময় কন্যা শিশুর প্রতি বৈষম্য দূরীকরণ, শিক্ষা ও স্বাস্থ্য অধিকার নিশ্চিতকরণ, এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box