শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর সামনে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ ও ট্রাকে অগ্নিসংযোগের ঘটনায় বৃহস্পতিবার ভোর থেকে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
সকালে অনলাইনে ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতা-কর্মীরা পদ্মা সেতুর জাজিরা প্রান্তের নাওডোবা এলাকায় অবস্থান নেন। সকাল ৭টার দিকে তস্তারকান্দি এলাকায় একটি ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় দুটি যাত্রীবাহী বাস ভাঙচুরের ঘটনাও ঘটে।
আন্দোলনকারীরা আতঙ্ক সৃষ্টি করতে সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে মিছিল করে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অবরোধের কারণে পদ্মা সেতু দিয়ে সকাল সাড়ে পাঁচটা থেকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সাড়ে আটটার পর কিছু যানবাহন পারাপার শুরু হলেও এক্সপ্রেসওয়ে এখনো বন্ধ রয়েছে। ফলে জাজিরার জমাদ্দার মোড় এলাকায় প্রায় আধা কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
শরীয়তপুর বাস মালিক সমিতির সভাপতি ফারুক আহমেদ তালুকদার বলেন, “গতকাল ঢাকায় শরীয়তপুরের দুটি বাসে আগুন দেওয়া হয়েছিল। আজ পদ্মা সেতু এলাকায় অবরোধ চলছে। নিরাপত্তাহীনতায় আমরা বাস চলাচল বন্ধ রেখেছি।”
জাজিরা পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি গোলাম রসুল জানান, সকালে সড়ক অবরোধের সময় পুলিশ আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে দুর্বৃত্তরা ট্রাকে আগুন দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটকে পড়া যানবাহন পদ্মা সেতু পারাপারে সহায়তা করে।
বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানায় প্রশাসন।

মন্তব্য করুন