শরীয়তপুর সদর উপজেলার বিনোদনপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খালাসি কান্দি ও বালিয়া কান্দি এলাকায় কির্তীনাশা শাখা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছেন স্থানীয় পরিচিত ড্রেজার ব্যবসায়ী রানা আকন। দিনের পর দিন ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনে নদীতীরবর্তী বাড়িঘর, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা হুমকির মুখে পড়েছে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, এক সময় ড্রেজার মেশিনে কর্মচারী হিসেবে কাজ করা রানা আকন এখন পাঁচটি ড্রেজারের মালিক। দামি মোটরসাইকেল নিয়ে এক উপজেলা থেকে আরেক উপজেলায় ঘোরাফেরা করে তিনি প্রশাসনের নজর এড়িয়ে বালু উত্তোলন ও বিক্রি করছেন। স্থানীয়দের বক্তব্য, রানা প্রভাব খাটিয়ে সরকারি রাজস্ব বঞ্চিত হয়ে নিজের লাভ বাড়াচ্ছেন।

সরেজমিনে দেখা গেছে, নদীর মাঝখান ও কূল ঘেঁষে তিনটি ড্রেজার মেশিন বসানো রয়েছে। এসব মেশিনের মাধ্যমে তুলা বালু পাইপ ব্যবহার করে ফসলি জমিতে ফেলা হচ্ছে, ফলে জমি ভরাট হচ্ছে, পানি নিষ্কাশনে বাধা তৈরি হচ্ছে এবং কৃষকরা নানান সমস্যায় ভুগছেন।

স্থানীয়রা জানান, উপজেলা প্রশাসনকে অভিযোগ করলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এ কারণে তারা চরম ভোগান্তির মধ্যে রয়েছেন।

শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলুরা ইয়াসমিন বলেন, “যদি কেউ অবৈধভাবে বালু উত্তোলন করে, তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা আশা করছেন, প্রশাসনের দ্রুত পদক্ষেপে নদী ও কৃষিজমি রক্ষা পাবে এবং অবৈধ বালু উত্তোলন বন্ধ হবে।

Facebook Comments Box