শরীয়তপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন করা হয়েছে বুধবার (২৬ নভেম্বর)। এ বছর সপ্তাহের প্রতিপাদ্য ছিল— “দেশীয় জাত, উন্নত প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি।”

সকাল ১০টায় জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু বকর সিদ্দিক। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমীন এবং ডা. তমাল কুমার দাস। জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রাণিসম্পদ খামারি ও সাংবাদিকরা এতে অংশ নেন।

এছাড়া জেলা সদর উপজেলা পরিষদ চত্বরে প্রাণিসম্পদ মেলার আয়োজন করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে খামারিদের মানবদেহের জন্য ক্ষতিকর খাবার ব্যবহার না করার আহ্বান জানান। তিনি চিকিৎসকের পরামর্শ ছাড়া এন্টিবায়োটিক প্রয়োগ না করা এবং অধিক মুনাফার জন্য হরমোন ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দেন।

Facebook Comments Box