শরীয়তপুরে দিন দিন কমছে পানের দাম। উৎপাদন খরচ না উঠায় বড় ধরনের লোকসানে পড়েছেন জেলার পান চাষিরা। অনেকেই ধারদেনা করে চাষ চালিয়ে যাচ্ছেন, আবার কেউ কেউ বরজ গুটিয়ে নিচ্ছেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শরীয়তপুরের ছয়টি উপজেলায় ৩১৬ হেক্টর জমিতে পান আবাদ হয়। সদর, ভেদরগঞ্জ ও গোসাইরহাটে বেশি পান চাষ হয়। এখানকার মাটি পান চাষের উপযোগী হওয়ায় ভালো মানের পান উৎপাদিত হয়, যা নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও চাঁদপুরে বিক্রি হয়। কয়েক বছর আগে এসব পান বিদেশেও রপ্তানি হতো, তবে বর্তমানে রপ্তানি বন্ধ এবং বাজারে চাহিদা কমে যাওয়ায় চাষিরা বিপাকে পড়েছেন।

ভেদরগঞ্জের চাষি আব্দুর রাজ্জাক হাওলাদার বলেন, “৮ লাখ টাকা খরচ করে তিনটি বরজ করেছি, এর মধ্যে ৪ লাখ ঋণ। এখন দাম এত কম যে জায়গা বেচে ঋণ শোধ করতে হবে।” আরেক চাষি মিন্টু মাঝি জানান, “গতবার এক বিড়া পান বিক্রি করেছি ৮০ টাকায়, এবার সেই পান ৩৫ টাকা। খরচই উঠছে না।”

কৃষি বিভাগ জানিয়েছে, পান চাষে এখনো কোনো প্রণোদনা দেওয়া হয়নি। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে চাষিদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে। চাষিদের দাবি, সরকারিভাবে সহযোগিতা ছাড়া এ আবাদ টিকিয়ে রাখা সম্ভব নয়।

Facebook Comments Box