আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুর-৩ (ডামুড্যা-গোসাইরহাট-ভেদরগঞ্জের একাংশ) আসনে ইসলামি আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী, ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক তুখোড় ছাত্রনেতা এ্যাডভোকেট মো. হানিফ মিয়া বিশাল মোটরসাইকেল শোডাউন করেছেন।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গোসাইরহাট, ডামুড্যা ও ভেদরগঞ্জ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে প্রায় দুই হাজার মোটরসাইকেল নিয়ে শোডাউন করেন তিনি। এতে ইসলামি আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন ও ছাত্র আন্দোলনের শতশত নেতাকর্মী অংশ নেন।
সকাল ৯টায় গোসাইরহাট উপজেলার দাসের জঙ্গল বাজার থেকে শোডাউন শুরু হয়। এরপর শোভাযাত্রা হাটুরিয়া বাজার, নাগেরপাড়া বাজার, মুন্সিরহাট, মডেরহাট, ডামুড্যা, তিনখাম্বা, সামন্তসার, গোসাইরহাট উপজেলা সদর, কোদালপুর, পূর্ব ডামুড্যা, ডামুড্যা উপজেলা সদর, দারুল আমান, ভেদরগঞ্জ উপজেলা সদর, রামভদ্রপুর ও মহিষার এলাকার প্রধান সড়কগুলো অতিক্রম করে।
দিনব্যাপী শোডাউন সাজনপুর বাজারে গিয়ে শেষ হয়।
মোটরসাইকেল শোডাউনকে কেন্দ্র করে পথের দু’পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষ উচ্ছ্বাস প্রকাশ করেন। বিভিন্ন স্থানে স্থানীয়রা হাত নাড়িয়ে শোভাযাত্রাকে স্বাগত জানান।
শোডাউন শেষে অ্যাডভোকেট মো. হানিফ মিয়া সাংবাদিকদের বলেন, “ইসলাম সকল ধর্মের মানুষের নিরাপত্তা, অধিকার ও মর্যাদা রক্ষায় বদ্ধপরিকর। ইসলাম কখনো কারও হক নষ্ট করে না। তাই ইসলামি আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে মুসলিম-অমুসলিম নির্বিশেষে দেশের সকল মানুষ নিরাপদে থাকবে এবং সমান সুযোগ-সুবিধা ভোগ করবে।”
তিনি আরও বলেন, “এই আসনের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত। উন্নয়ন, ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করতে হলে সৎ ও আল্লাহভীরু নেতৃত্ব প্রয়োজন। ইসলামি আন্দোলন বাংলাদেশ সেই লক্ষ্যেই কাজ করছে।”
তিনি সকলকে ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রতীক হাতপাখা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।

মন্তব্য করুন